করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার ঠেকাতে জারি করা বিধিনিষেধ শিথিলের আওতায় শর্তসাপেক্ষে শুক্রবারের নামাজের জন্য মসজিদ খুলে দিচ্ছে সৌদি আরব।
মঙ্গলবার (২৬ মে) ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি।
খবরে বলা হয়, শুক্রবারের জুমার নামাজের ২০ মিনিট আগে মসজিদ খোলার অনুমতি দেয়া হবে। আবার নামাজের ২০ মিনিট পর মসজিদ বন্ধ করতে হবে। নামাজ আদায়ের সময় সামাজিক দূরত্ব বিধি মানতে হবে, মাস্ক পরতে হবে এবং প্রত্যেককেই নিজ নিজ জায়নামাজ নিয়ে আসতে হবে। মুসল্লিদের খুতবা পাঠের জন্য সময় বরাদ্দ থাকবে ১৫ মিনিট। মসজিদে ঢোকা এবং বেরোনোর সময় যেন কোনও ভিড় না হয় সেটি দেখভাল করবেন মসজিদের ইমাম।
১৫ বছরের কম বয়সীদের মসজিদে যাওয়ায় নিষেধাজ্ঞা থাকবে।
এর আগে সোমবার (২৫ মে) সৌদি আরব কর্তৃপক্ষ জানায়, তিন ধাপে কড়াকড়ি শিথিল করা হবে। মক্কা ছাড়া অন্যান্য জায়গায় ২১ জুন থেকে কারফিউ তুলে নেয়া হবে।